রাকিবুল ইসলাম রঞ্জু
তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের মজুরি বৃদ্ধির অজুহাতে কোনোভাবেই তাঁদের বাসা ভাড়া বাড়ানো যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শিল্পাঞ্চলগুলোতে বাড়ির মালিকদের প্রতি এই নির্দেশনা দিয়ে তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার ও মালিকপক্ষ বেতন সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে। কিন্তু বেতন বাড়ার সাথে সাথে যদি বাড়িওয়ালারা বাসা ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন, তবে শ্রমিকরা প্রকৃত সুফল থেকে বঞ্চিত হবেন।
প্রতিমন্ত্রী আরও জানান, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে যাতে অযৌক্তিকভাবে বাসা ভাড়া বাড়ানো না হয়, সেজন্য স্থানীয় প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো বাড়ির মালিক নিয়মবহির্ভূতভাবে ভাড়া বৃদ্ধি করলে বা শ্রমিকদের হয়রানি করলে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করে দেন। এ বিষয়ে বাড়ির মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।