*শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন*
*”নতুন প্রজন্মকে গণতন্ত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে” – অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা।*
সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া,
শ্যামনগর উপজেলা প্রতিনিধি,
“দৈনিক আমাদের দেশ”।
*শ্যামনগর, সাতক্ষীরা:* “৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় মহাবিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা এবং শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব জি.এম আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নম্বর সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জাফর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের দেশ এর শ্যামনগর ক্রাইম রিপোর্টার জিয়াউর রহমান জিয়া, দৈনিক সাতনদী এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি শেখ মশিউর রহমান বাপ্পি এবং বাংলা টিভির শ্যামনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রাজু আহমেদ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এই দিনের শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার চেতনা শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে হবে।
প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানই পারে আগামীর নেতৃত্ব তৈরি করতে। জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হয়। আমাদের মেয়েদেরকেও সাহসী, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জি.এম আমীর হোসেন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য সকলের প্রতি দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।