মঙ্গলবার ,  ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

শ্যামনগরের “হাজী বিরিয়ানি হাউজে” অস্বাস্থ্যকর খাবার, বিরিয়ানিতে মিলল কাঁচা মাংস-পোকা ও দুর্গন্ধযুক্ত ডিম

প্রকাশিত হয়েছে-

*শ্যামনগরের “হাজী বিরিয়ানি হাউজে” অস্বাস্থ্যকর খাবার, বিরিয়ানিতে মিলল কাঁচা মাংস-পোকা ও দুর্গন্ধযুক্ত ডিম*।

 

*সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া*,

*শ্যামনগর উপজেলা প্রতিনিধি*,

*দৈনিক আমাদের দেশ*।

 

সাতক্ষীরার শ্যামনগর বাজারের জনপ্রিয় খাবারের দোকান “হাজী বিরিয়ানি হাউজে” অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। ক্রেতার কেনা বিরিয়ানির প্যাকেটে কাঁচা মাংস, আধা-সিদ্ধ আলু, দুর্গন্ধযুক্ত ডিম এবং পোকা পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

ভুক্তভোগী জানান, গত শনিবার বেলা ১২টার দিকে তিনি প্রতিষ্ঠানটি থেকে এক প্যাকেট বিরিয়ানি ক্রয় করেন। বাসায় গিয়ে প্যাকেট খুলে দেখেন খাবারের মান অত্যন্ত নিম্নমানের। মাংস সিদ্ধ না হওয়া, ডিম থেকে তীব্র দুর্গন্ধ এবং খাবারের মধ্যে পোকা দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

 

এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ নয়। এর আগেও একাধিকবার নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

 

ঘটনার পর সচেতন নাগরিকরা অবিলম্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একইসাথে জনস্বাস্থ্য রক্ষায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে “হাজী বিরিয়ানি হাউজ” কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।