বুধবার ,  ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

শারদীয় উৎসব উপলক্ষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে শাড়ি বিতরণ

প্রকাশিত হয়েছে-

 

আব্দুল আলিম, শ্যামনগর,সাতক্ষীরাঃ

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শ্যামনগরের সনাতন সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার সকাল ৯ টায় পৌর সদরের দলীয় কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দ শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শারদীয় উৎসব উপলক্ষে এসব শাড়ি হস্তান্তর করেন।
এসময় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জমায়াত ইসলামী ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা জমায়াত আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট কৃষ্ণপদ মন্ডল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের সাবেক আমির জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
ঈদ উপহার হস্তান্তর অনুষ্ঠানের শুরুর আলোচনা সভায় সনাতন নেতৃবৃন্দ প্রথমবারের মতো শারদীয় উৎসব উপলক্ষে জামাত ইসলামের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়ার ঘটনাকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সামনের দিনগুলোতে জাতীয় প্রয়োজনে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে চলার আহ্বান জানান।
শ্যামনগর উপজেলা জমায়েত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান জানান সাতক্ষীরা ১ সংসদীয় আসনের এমপি অধ্যক্ষ ইজ্জতুল্লাহ শ্যামনগর উপজেলা জামায়াতকে শারদীয় উৎসব উপলক্ষে তিনশত শাড়ি দিয়েছে। সমুদয় সারি শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার ৭০ টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করা হয়। #