সোমবার ,  ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহিদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে-

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে শহিদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।

 

এ সময় রাষ্ট্রপতি মুগ্ধর পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

সাক্ষাৎকালে পরিবারের সদস্যগণ জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা শহিদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানান।

 

এ সময় সদস্যরা গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহিদের নাম খচিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন।

 

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনও ভুলবে না। রাষ্ট্রপতি শহিদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

 

রাষ্ট্রপতি এ সময় জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও চিরশান্তি কামনা করেন।

 

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।