সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

ভোট বর্জন ও স্থগিতের মধ্য দিয়ে কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচন সম্পন্ন 

প্রকাশিত হয়েছে-

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : ভোট বর্জন ও নির্বাচন স্থগিতের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নের ৯ টা ওয়ার্ডে প্রায় এক হাজার তালিকাভূক্ত ভোটার রয়েছে।

নির্বাচনে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এবং শ্রীপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত টিম লিডার খান হাসান ইমাম সুজা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

এদিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একাংশের নেতৃবৃন্দ তাদের ভোট বর্জন করেন। বর্জনকারীদের পক্ষে ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইসলাম শেখ জানান, সমগ্র উপজেলায় সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সভাপতি বদরুল আলম হিরো গ্রুপ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনের দুটি গ্রুপ বিদ্যমান রয়েছে। সেখানে এক গ্রুপ থেকে দেওয়া নামের তালিকা থেকে ৬৭ জন, অপরদিকে অন্য গ্রুপ থেকে দেওয়া নামের তালিকা থেকে ৪৯ জনকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ভোটারের এই পার্থক্য রেখে কোনভাবেই নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না মর্মে জেলা বিএনপি’র আহবায়কসহ অন্য নেতাদের সাথে গতকালও অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা সে বিষয়ের কোন সমাধান না করে উল্টো ১০৯ জনের তালিকা তৈরি করে আজ নির্বাচন সম্পন্ন করছে। এ কারণে আমরা সকাল থেকেই আমাদের গ্রুপের ভোটারদের নিয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

অপরদিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কমলাপুর গ্রামের ভোটারদের মধ্যে ব্যাপক অসঙ্গতির কারণে ভোট স্থগিত করেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ বিষয়টি নিয়ে জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও শ্রীপুরের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার খান হাসান ইমাম সুজার সঙ্গে কথা বললে তিনি জানান, কারো যদি কোন অভিযোগ থাকে তা নির্বাচনের পরে সমাধান করা হবে।

মুজাহিদ শেখ

শ্রীপুর প্রতিনিধি