রবিবার ,  ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩, পরিবারে শোকের মাতম

প্রকাশিত হয়েছে-

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি মাদারীপুরের শিবচরে।রাজৈরের টেকেরহাটে গরু কিনতে যাওয়ার পথে বাস চাপায় নিহত শিবচরের বাবা-ছেলেসহ ৩ জনের বাড়িতে বইছে শোকের মাতম। নিহতদের লাশ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৬৫), তার ছেলে মনির সরদার (৪০) ও তাদের নিকট আত্বীয় তাঁরামিয়া শেখ (৫৫)। তারা গরু ব্যবসায়ী। ঈদ উপলক্ষে বিভিন্ন হাট থেকে গরু ক্রয় করে এলাকার বিভিন্ন হাটে তারা বিক্রি করেন। বুধবার সকালে তারা ৩ জন একই জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে গরু ক্রয় করতে যাচ্ছিল। শিবচরের পাঁচ্চর থেকে তারা প্রথমে ফরিদপুরের ভাঙ্গা পৌছে। পরে সেখান থেকে মাহিন্দ্র গাড়িতে চড়ে টেকেরহাট রওনা করে। তাদের মাহিন্দ্রটি ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে ঢাকাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দূর্ঘটনায় মাহিন্দ্রের আরো এক যাত্রীও নিহত হয়। এসময় আরো তিন যাত্রী আহত হয় বলে পুলিশ জানায়। পিতা পুত্রসহ পরিবারের ৩ জনের মৃত্যুর খবর পেয়ে নিহতদের বাড়িতে শুরু হয় শোকের মাতম। দুপুরের লাশ বাড়িতে পৌছার পর কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। এ ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী।

নিহতের প্রতিবেশী ফয়েজ চৌধুরী বলেন, মাহিন্দ্র গাড়িতে টেকেরহাট গরু হাটে যাওয়ার পথে বাসচাপায় ইব্রাহিম, তার ছেলে মনির ও ভাগ্নে তাঁরামিয়া নিহত হয়।