মঙ্গলবার ,  ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

বাংলাদেশ কতটা দূরদর্শী

প্রকাশিত হয়েছে-

অর্থনীতি ডেস্ক: সম্প্রতি চীনের বন্দরনগরী তিয়ানজিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীতে প্রযুক্তির অভূতপূর্ব রূপ প্রত্যক্ষ করা গেছে। প্রদর্শনীতে চালকবিহীন ট্রাক্টর, স্বয়ংক্রিয় হারভেস্টার, কৃত্রিম বুদ্ধিমত্তাসন্ন রোবট এবং ড্রোনের মতো আধুনিক যন্ত্রপাতির সমাহার দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশ কৃষিকে সম্পূর্ণ ভিন্ন এক প্রযুক্তিগত পর্যায়ে নিয়ে গেছে, যা উৎপাদন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করছে। অথচ বাংলাদেশের কৃষকরা এখনো অনেকাংশে জমি চাষ, বীজ বপন এবং ফসল কাটার জন্য শ্রমিকের ওপর নির্ভরশীল রয়েছেন।

আধুনিক কৃষি প্রদর্শনীতে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং রোবোটিকসের সমন্বয়ে তৈরি বিভিন্ন যন্ত্র। ড্রোন ও রোবটের মাধ্যমে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে খুব সহজেই রোগের আক্রমণ বা পানির ঘাটতি শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে পুরো জমিতে অতিরিক্ত কীটনাশক বা সার প্রয়োগের পরিবর্তে নির্দিষ্ট স্থানে প্রয়োজন অনুযায়ী উপকরণ ব্যবহার করা যাচ্ছে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পরিবেশের ওপর চাপও উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে নিখুঁত কৃষির মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

কৃষিশ্রমিকের সংকট এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ দ্রুত প্রযুক্তির দিকে ঝুঁকছে। অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও তাপমাত্র বৃদ্ধির কারণে কৃষি উৎপাদন যখন ক্রমেই কঠিন হয়ে উঠছে, তখন কম শ্রমিক ও কম সম্পদে বেশি উৎপাদন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান দাম কৃষকের উৎপাদন খরচে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় তিয়ানজিনের প্রদর্শনীতে সৌরশক্তি, বিদ্যুৎ এবং হাইড্রোজেননির্ভর বিকল্প কৃষিযন্ত্রের নানা উদ্ভাবন তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাত্র দুই শতাংশ কৃষকের নিজস্ব আধুনিক কৃষিযন্ত্র রয়েছে এবং বাকিরা ভাড়ায় যন্ত্র ব্যবহার করে চাষাবাদ করেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যাংক থেকে কৃষিযন্ত্র কেনার জন্য পর্যাপ্ত ঋণ পাওয়া যায় না, যা কৃষকদের আর্থিক সীমাবদ্ধতা ফুটিয়ে তোলে। সরকারের ভর্তুকি কর্মসূচির কারণে কম্বাইন হারভেস্টার বা রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার কিছুটা বাড়লেও বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে আরও অনেক দূর এগোতে হবে। কেবল বিদেশ থেকে যন্ত্র আমদানি না করে দেশীয় পর্যায়ে কৃষিযন্ত্র উৎপাদনের শিল্পভিত্তি গড়ে তোলা এখন সময়ের দাবি।

প্রান্তিক কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ এবং সমবায়ভিত্তিক যন্ত্র ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে কৃষিকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে তুলতে হবে। আগামীর খাদ্যনিরাপত্তা এবং অর্থনৈতিক প্রতিযোগিতা নিশ্চিত করতে এখনই সময় উপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অন্যথায় বৈশ্বিক কৃষি ব্যবস্থার অগ্রগতির সঙ্গে বাংলাদেশ পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়বে।