পিরোজপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামি রাজনীতিতে গ্রেপ্তার
ইপেপার / প্রিন্ট
পিরোজপুরের ইন্দুরকানীতে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামি ইউনুস আলী শেখকে রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবী মুকুলী বেগমকে কুপিয়ে হত্যা এবং স্ত্রী রেহেনা বেগমকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান আসামি ইউনুস আলী শেখ বিদেশে পালানোর প্রস্তুতির চেষ্টা করছিল বলে জানা গেছে।মঙ্গলবার (১ জুলাই) সকালে ওসি মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৩০ জুন) রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকার আজমপুর জয়নাল মার্কেট সংলগ্ন হাজী সবুর খান রোডের ২২ নম্বর বাড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সহায়তায় ইউনুস শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার প্রধান আসামি ও ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের বাসিন্দা ইউনুস আলী শেখের অবস্থান শনাক্ত ও পরে র্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে রাতে মোহাম্মদপুর থানায় তাকে সোপর্দ করেন। সেখান থেকে ইউনুসকে মঙ্গলবার সকালে ইন্দুরকানী থানায় নিয়ে আসেন এস আই সাখাওয়াত, এএসআই আনোয়ার, কনেস্টবল মো. মামুন হোসেন ও মো. মশিউর রহমান।
এয়ার টিকিট সুত্রে জানা গেছে, ইউনুস আলী শেখ গত মাসের (১৭ জুন) জাজিরা এয়ারওয়েজে ফ্লাইট বুকিং করেন। ওই টিকিট অনুযায়ী বুধবার (২ জুলাই) তার ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কুয়েত হয়ে সৌদি আরবের কাসিম যাওয়ার কথা ছিল।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। ঘটনারদিন রাতে আসামি ইউনুস আলীর ভাই রফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মাসের (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউপি সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম এবং তার ভাবী মুকুলী বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। একই হামলায় শহিদুলের স্ত্রী স্কুল শিক্ষিকা রেহেনা বেগম গুরুতর আহত হন। সে বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস শেখ বিদেশে থাকাকালীন সময়ে তার স্ত্রীর সঙ্গে শহিদুল ইসলামের পরকীয়া নিয়ে সন্দেহ করতেন। ধারণা করা হয় এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন তিনি।
