শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। পাওনা টাকা মাস খানেকের মধ্যে দেয়ার কথা থাকলেও রাজিব নানা তালবাহানায় সময়ক্ষেপণ করেন। টাকা দেয়ার কথা বলে শনিবার রাতে তিনি লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকে নেন আমিনুরকে।আমিনুর তার ভাই আলিনুরকে নিয়ে সেখানে হাজির হন। পাওনা টাকা চাওয়ায় সেখানে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আলিনুর ও তার ভাই আমিনুরের ওপর হামলা করে। হামলায় আলিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. স্মিথ মিয়া।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সময় সংবাদকে বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।