পঞ্চগড় জেলাকে কাঙ্ক্ষিত জেলা হিসেবে গড়ে তুলতে চাই: নবাগত পুলিশ সুপার
মোখলেছুর রহমান চৌধুরী, পঞ্চগড় ব্যুরো প্রধান
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মো. আবু সাঈমের সঙ্গে জেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মো. আবু সাঈম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “পেশাদারিত্ব, সেবা ও সততা এই তিন মূলনীতিকে সামনে রেখে আমি পঞ্চগড়বাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্ব পালন করব। পঞ্চগড় জেলাকে আপনাদের কাঙ্ক্ষিত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
পুলিশ সুপার আরও বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের গঠনমূলক পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সিফাত রাব্বানী, ফরহাদ হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।