রবিবার ,  ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

নীলফামারীতে তরুণ উদ্যোক্তা সৌরভের দেশি-বিদেশি গাছের চারা বিক্রির নার্সারি

প্রকাশিত হয়েছে-

মাইদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার ৭ নম্বর কচুকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তিন থানার মোড়ে অবস্থিত সৌরভ নার্সারি। দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে গড়ে ওঠা এ নার্সারির মাধ্যমে নিজেদের স্বপ্নকে এগিয়ে নিচ্ছেন তরুণ উদ্যোক্তা সৌরভ। সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ পেলে নার্সারিটিকে আরও বড় পরিসরে গড়ে তোলার প্রত্যাশা তাঁর।

সৌরভ নার্সারির স্বত্বাধিকারী মোনাব্বেরুল হক। তাঁর ছেলে সৌরভের নামেই নার্সারিটির নামকরণ করা হয়েছে। গত দুই বছর ধরে নার্সারির সার্বিক দায়িত্ব পালন করছেন সৌরভ। গাছের প্রতি আগ্রহ এবং মানসম্মত চারা সরবরাহের লক্ষ্য নিয়ে তিনি নার্সারিটির কার্যক্রম পরিচালনা করছেন।

নার্সারিটিতে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছের চারা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ১২ মাস মালটা ধরে এমন জাতের মাল্টা গাছ রয়েছে নার্সারিতে, দেশি জাতের নারিকেল ও কেরালা জাতের নারিকেল গাছসহ নানা ধরনের ফলদ ও অন্যান্য গাছের চারা। পাশাপাশি এখানে কোরিয়ান জিনসেং গাছের চারা পাওয়া যায়, যা দেহের জন্য অনেক উপকারিতা রয়েছে বলে জানিয়েছেন সৌরভ। বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করতে আগ্রহী ক্রেতাদের জন্য নার্সারিটি একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।

নারিকেলের চারা কেনার ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সৌরভ। তাঁর দাবি, বাজারে ভিয়েতনামি জাতের নারিকেলের চারা বলে অনেক সময় অন্য জাতের চারা বিক্রি করা হয়। বর্তমানে ভিয়েতনাম জাতের নারিকেলের চারা পাওয়া যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, বাজারে বিক্রি হওয়া অনেক চারাই প্রকৃতপক্ষে দেশি জাতের।

সৌরভ বলেন, “ক্রেতাদের উচিত চারা কেনার আগে জাত সম্পর্কে নিশ্চিত হওয়া। আমাদের নার্সারিতে মানসম্মত ও সঠিক জাতের চারা সরবরাহের চেষ্টা করি। ক্রেতারা যেন চারা কিনে প্রতারিত না হন, সে বিষয়ে আমরা গুরুত্ব দিই।”

তিনি আরও জানান, শুধু নীলফামারী নয়, দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছের চারা পাঠানো হয়। ফলে দূরবর্তী এলাকার আগ্রহী ব্যক্তিরাও তাঁর নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারেন।

সৌরভ নার্সারির বর্তমান তত্ত্বাবধায়ক সৌরভ বলেন, সৌরভ নার্সারি বিগত “নীলফামারী জেলা বৃক্ষরোপণ মেলা ২০২৬ ইং”-এ দ্বিতীয় স্থান অধিকারী নার্সারির সম্মাননা পান।

তবে নার্সারির কার্যক্রম আরও সম্প্রসারণ করতে সরকারি সহযোগিতা ও কারিগরি পরামর্শের প্রয়োজন বলে মনে করেন সৌরভ। তাঁর প্রত্যাশা, সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা পেলে নার্সারিতে চারার বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি ব্যবসার পরিধিও সম্প্রসারণ করা সম্ভব হবে।

সৌরভের আশা, মানসম্মত চারা সরবরাহ এবং ক্রেতাদের আস্থা অর্জনের মধ্য দিয়ে সৌরভ নার্সারিকে একটি পরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে পারবেন। একই সঙ্গে তাঁর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও ফলদ গাছের চাষে আগ্রহ বাড়াতেও ভূমিকা রাখবে।