সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

নিখোঁজের ৩৭ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী মন্দিরা

প্রকাশিত হয়েছে-

সাতক্ষীরায় নিখোঁজের এক মাস সাত দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুলছাত্রীর। এ ঘটনায় অপহরণ মামলা করেছে পরিবার। তবে মেয়ে উদ্ধার না হওয়ায় উদ্বেগ আর হতাশায় দিন পার করছে ভুক্তভোগী পরিবার। মেয়ে বেঁচে আছে কিনা এই সংশয়ে রয়েছেন তারা। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।নিখোঁজ স্কুলছাত্রী মন্দিরা দাস (১৬) সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসুদেব দাসের মেয়ে। স্থানীয় একটি স্কুল থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহিল আরিফ নিশাত পরিবারের বরাতে সাংবাদিকদের জানান, স্কুলছাত্রী মন্দিরা দাশের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে সক্ষম হবো।

মন্দিরা দাসের বাবা বাসুদেব দাস বলেন, স্কুলে আসা যাওয়ার পথে স্থানীয় একই এলাকার রতন বসুর ছেলে দীপ্ত অপু আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে আমরা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বহুবার কথা বলেছি। পরে কিছুদিন উত্ত্যক্ত না করলেও গত ১৮ জুন সন্ধ্যায় আমার মেয়ে বাড়ির সামনে রাস্তায় গেলে তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও বলেন, পরবর্তীতে ২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করি। থানা কর্তৃপক্ষ মামলা  নিয়ে এক পর্যায়ে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন। আদালতের নির্দেশে চার জুলাই সদর থানা মামলা নেয়। তবে এখন পর্যন্ত আমার মেয়ে উদ্ধার হয়নি।মন্দিরার মা বিশিখা রানী দাশ অভিযোগ করেন, আমরা পুলিশ ও প্রশাসনের অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু এখনো আমার মেয়েকে উদ্ধার করা যায়নি। আমরা জানি না, সে আদৌ জীবিত আছে কি না।

তিনি আরও বলেন, মামলার একজন আসামি গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় তিনি ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেন। মন্দিরার পরিবার বর্তমানে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছে।