মঙ্গলবার ,  ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী-শ্বশুর আটক

প্রকাশিত হয়েছে-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে তার স্বামী, শ্বশুর ও ফুফু শাশুড়ি মিলে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (৩১ মে) রাতের কোনো এক সময় উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের পশ্চিমপাড়ায় গৃহবধূর শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত রুনা আক্তার (৩২) একই ইউনিয়নের রাণীখার গ্রামের বাসিন্দা, প্রয়াত শিক্ষক শেখ নাছির উদ্দিনের মেয়ে। নিহতের পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে পাশের গ্রামের সাইদুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে রুনার বিয়ে হয়। তাদের ১০ মাস বয়সী একটি সন্তান রয়েছে। ঢাকায় সেলুনে কাজ করেন সাইদুর। সম্প্রতি গ্রামের বাড়িতে জমি কেনার জন্য শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেন সাইদুর। এরপর আবার টাকা আনার জন্য রুনাকে চাপ দিলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এই টাকা-পয়সার বিষয় নিয়েই রুনার ওপর শারীরিক নির্যাতন চলছিল। শেষ পর্যন্ততাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অনন্ত কুমার ভক্ত জানান, হাসপাতালে আনার আগেই ভিকটিম মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর ভিকটিমের বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রাণঘাতী ছিল।