শনিবার ,  ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

গাইবান্ধায় দাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের ১০ দফা কর্মসূচি

প্রকাশিত হয়েছে-

গাইবান্ধা প্রতিনিধি

ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে নভেম্বর ২০২৬-কে কেন্দ্র করে ‘দাওয়াতি মাসের অভিযান’ ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ উপলক্ষে সংগঠনটি দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বড় মসজিদ প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাওলানা শাহ্ আলম ফয়েজী, মুফতি ইদ্রিস বিন আনোয়ার, হাফেজ আব্দুল মজিদ, মাওঃ দলিলুর রহমান, ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম, হাফেজ এনামুল, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, উপদেষ্টা বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা সহ আরও অনেকে।

সংগঠনটির পক্ষ থেকে ১০ দফা প্রত্যাশা ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে গণতন্ত্রের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা। পাশাপাশি খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, ন্যায়, ইনসাফ ও সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এ ছাড়া ধর্ম-বর্ণ, দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সব নাগরিকের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা, নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন, হয়রানি ও নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আরও বলা হয়েছে, ইসলামপ্রদত্ত নৈতিক শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের মাধ্যমে কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। অন্যায়-অবিচার, শোষণ, নিপীড়ন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ অভিযানে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এ দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত হোন। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের কাছে এ দাওয়াত পৌঁছে দিয়ে সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করুন।

প্রচারপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।