গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান
ইপেপার / প্রিন্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়। তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক বিষয়ে ছাড় দিয়েছে। কারণ বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি।বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে। বড় দল হিসেবে একমত না হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সম্মান দিতে হবে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। গণতন্ত্রের জন্য সহনশীলতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি। যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।তারেক রহমান বলেন, ‘বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নেতাকর্মীদের বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকেই পাশে রাখুন।’
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে–এই ঐতিহ্যকে সামনে রেখেই দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে।দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একজনের অপকর্মের দায় যেন পুরো দলকে না বহন করতে হয়। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাই হবে দলের মূল দায়িত্ব।
মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান।
