কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিআরএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সালাউদ্দিনের নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সত্যতা মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তাঁকে অপসারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ গত ৪ নভেম্বর স্বাক্ষরিত ০৭(খ)৩৩০ জাতীয়, বি/ক:প:/কোড ০২৬৫/১৬১৭ নম্বর স্মারকে এ আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর এই কলেজের অধ্যক্ষ আবুল বাশারকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিবহির্ভূতভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ কোটি ৭১ লাখ টাকার নিয়োগ-বাণিজ্য ও তহবিল তসরুপের অভিযোগ এনে গত ১২-১০-২৫ তারিখে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর বিধিবহির্ভূতভাবে অধ্যক্ষ আবুল বাশারকে অপসারণ না করে গত ৪-৯-২০২৫ তারিখ থেকে এই কলেজের পৌরনীতি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক এস এম সালাউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে অবৈধভাবে তিনি দায়িত্ব পালনকালে যশোর শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে একাদশ শ্রেণির মানবিক বিভাগে ছাত্র ভর্তিতে ১ হাজার টাকা নেওয়ার কথা থাকলেও তিনি প্রত্যেক ছাত্রের কাছ থেকে ২৫০০ টাকা করে আদায় করে নেন। এ ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে কারিগরি বিভাগের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কাছ থেকে পাস করানো ও প্র্যাকটিক্যালের নামে ১০০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করেন বলে নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী শিক্ষার্থীরা এই প্রতিনিধিকে জানান। তবে এর সত্যতা জানার জন্য সদ্য বরখাস্তকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষের ব্যবহৃত ০১৭৪০৯৯০৯২৩ মুঠোফোনে শনিবার বিকেল ৪টায় একাধিকবার ফোন দিয়ে কথা বলার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিমুদ্দিন আহমেদের লেখা চিঠিতে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সভাপতির নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান প্রসঙ্গে যা বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সালাউদ্দিন ৪-৯-২০২৫ থেকে অদ্যবধি পর্যন্ত বিধিবহির্ভূতভাবে দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় জনাব এস এম সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানপূর্বক জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রেরিত জ়াতি:বি:/ক:প:/২০০২(পাট) ১০৬১৭ তারিখ ১৩-১-২০১৬ প্রজ্ঞাপন মোতাবেক কলেজ পদ শূন্য হলে অথবা অধ্যক্ষের অবর্তমানে সংশ্লিষ্ট কলেজকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য উপাধ্যক্ষ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বিষয়সমূহে কর্মরত শিক্ষকগণের মধ্যে হতে জ্যেষ্ঠতম ১০ জন শিক্ষকের তালিকা থেকে গভর্নিং বডির প্রস্তাবক্রমে ৩ জন শিক্ষকের একটি প্যানেল বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করতে হবে। এমতাবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কলেজ/প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি সংশোধিত সংবিধি ২০১৯ এর ধারা ১৮ মোতাবেক অত্র সভার সদস্য সচিবের অনুপস্থিতি সভাপতি দ্বারা গভর্নিং বডির সভা আহ্বান করে উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করে প্রজ্ঞাপন মোতাবেক পদক্ষেপ গ্রহণপূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগের লক্ষ্যে সব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন প্রেরণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো। এখন থেকে জনাব এস এম সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কোনো প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা গেল।