সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

ঈদের দিন সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

সাতক্ষীরার শ্যামনগরে কোরবানীর পশু কাটার সময়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও দেবহাটায় আত্মহননে এক এনজিও কর্মীর আত্মহননে মৃত্যুর ঘটনা ঘটেছে।গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, শনিবার দুপুর একটার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ঘটনাটি ঘটে। তিনি একই এলাকার গোলাপ শেখের ছেলে। আব্দুল হাই চাঁদনীমুখা ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রতিবেশী খালিদ হোসেনের ডাকে সাড়া দিয়ে তার পশু কোরবানীতে অংশ নেয়। একপর্যায়ে চামড়া ছাড়ানো শেষ হলে তিনি মাংস কাটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তবে সাতক্ষীরা পৌঁছানোর আগেই পথিমধ্যে আব্দুল হাইয়ের মৃত্যু হয়।

চেয়ারম্যান মাসুদুল আলম জানান, দুই পুত্র ও কন্যার জনক আব্দুল হাইকে শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ-ওসি গোলাম কিবরিয়া জানান, উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদে বিষপানে রবীন্দ্র সরকার (৪৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে সুবর্ণাবাদ গ্রামের উত্তম সরকারের ছেলে। রবীন্দ্র দুই সন্তানের পিতা।
পরিবারের বরাতে ওসি কিবরিয়া জানান, পারিবারিক বিবাদে শুক্রবার রাতে বিষপান করলে সাতক্ষীরা হাসপাতালে নেওয়া হলে শনিবার তার মৃত্যু হয়। রবীন্দ্রের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর যথাযথ কারণ জানা যাবে।