বৃহস্পতিবার ,  ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

প্রকাশিত হয়েছে-

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। বুধবার ছিল ঈদের আগে ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শেষ কর্মদিবস। এদিন টাকা তুলতে ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। তবে সরকারি ছুটির দিন আজও কিছু এলাকায় সীমিত পরিসরে চলছে ব্যাংকিং সেবা।কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংক শাখাগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এবং কিছু শিল্পাঞ্চলে প্রয়োজনীয় লেনদেনের সুবিধার্থে ব্যাংকিং কার্যক্রম চালানো হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) সম্প্রতি এই নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায়, যেমন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংকগুলো সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান করবে। আজ ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এই সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা ভাতাদি পাবেন। এছাড়া, কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংক শাখাগুলোর শাখা ও উপশাখাগুলো বিশেষ নিরাপত্তায় এবং অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুবিধা প্রদান করবে। বিশেষ সময়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ অতিরিক্ত ভাতা প্রদান করবে। এই নির্দেশনা জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার আওতায় জারি করা হয়েছে।